
মোঃ জসিম মিয়া চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধি:
চুনারুঘাটে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসনের নেতৃত্বে (২৮ জানুয়ারি) বুধবার গভীর রাত ভোর পর্যন্ত যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গোপনীয়তা বজায় রেখে এ অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসন, চুনারুঘাট থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের একাধিক টিম।
অভিযানকালে ৭নং উবাহাটা ইউনিয়নের উলুকান্দি এলাকায় কৃষিজমির উপরিভাগ থেকে অবৈধভাবে মাটি কাটার সময় দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— সোহেল মিয়া (৩৫), পিতা: মৃত রহমত আলী এবং সুমন মিয়া (৩২), পিতা: হাজী আছাব আলী। উভয়ের বাড়ি উলুকান্দি গ্রামে, চুনারুঘাট উপজেলায়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা অন্যরা দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(গ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও অবৈধভাবে বালু ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।