
মোঃ জসিম মিয়া চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহর এলাকায় প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ১ মার্চ রবিবার দুপুর ২টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চুনারুঘাট বাজারের বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।
উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউর রহমান। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন চুনারুঘাট থানা’র অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এবং থানার একটি পুলিশ টিম।
অভিযানের সময় দেখা যায়, বাজারের প্রধান রাস্তা ও ফুটপাত দখল করে অস্থায়ী দোকানপাট বসানো হয়েছে, ফলে যান চলাচল ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। প্রশাসন চুনারুঘাট-বাল্লা রোড, কাঁচা বাজার, মধ্য বাজার ও উত্তর বাজারসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বসানো দোকানপাট উচ্ছেদ করে রাস্তা দখলমুক্ত করে।
এ সময় ব্যবসায়ীদের ফুটপাত ও সড়ক দখল না করার জন্য সতর্ক করা হয়। উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং পুনরায় দখলের চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।